সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শহরমুখী মানুষের চাপ কমাতে যোগাযোগব্যবস্থা উন্নয়ন ও গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব

টুইট ডেস্ক: দেশের সব নাগরিকের জন্য নিরাপদ, মানসম্মত ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সর্বজনীন বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরায়ণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।

প্রধানমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের মতো দেশের জন্য সবার নিরাপদ বাসস্থান নিশ্চিত করা বেশি চ্যালেঞ্জের। তবে সরকার সর্বজনীন বাসস্থানের পাশাপাশি টেকসই নগরায়ণ নিশ্চিতেও গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, শহরগুলোতে সব মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি।

শহরাঞ্চলে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকা ও অন্যান্য শহরের সঙ্গে দেশের যোগাযোগব্যবস্থা আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চলের মানুষের নাগরিক সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর মাধ্যমে শহরমুখী মানুষের চাপ কমানোর কার্যকর বিকল্প তৈরি করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

দেশের প্রতিটি অঞ্চলকে জাতীয় উন্নয়নের ধারায় যুক্ত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে রাজধানী ঢাকার আশপাশে একটি উপশহর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।