সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: এক্স

পার্থে চিফ অব আর্মি সিম্পোজিয়াম, ওয়াশিংটনে এউএসএ সম্মেলনে অংশ নেবেন

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার (৩ অক্টোবর) তিনি এ সফরে ঢাকা ছাড়েন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন। পাশাপাশি তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন।

সফরের পরবর্তী পর্যায়ে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এউএসএ) বার্ষিক সভা ও প্রদর্শনীতে যোগ দেবেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। একই সঙ্গে তিনি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

আইএসপিআর জানিয়েছে, সফরটি দুই দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের পাশাপাশি সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ তৈরি করবে।