রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে মেরামতের পাশাপাশি সেবাও

হামলা–ভাঙচুরে ক্ষতিগ্রস্ত মূল ভবনে চলছে সংস্কার; টিনের ছাউনির নিচে সীমিত পরিসরে মা ও শিশুর স্বাস্থ্যসেবা

টুইট প্রতিবেদক: রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর ক্ষতিগ্রস্ত রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য সেবাকেন্দ্রে (রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার) মেরামতের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত মূল ভবনে সংস্কারকাজ চললেও স্বাস্থ্যসেবা পুরোপুরি বন্ধ রাখা হয়নি।

কেন্দ্রটির বাইরে টিনের ছাউনির নিচে চেয়ার–টেবিল পেতে অস্থায়ীভাবে সেবার ব্যবস্থা করা হয়েছে। সেখানে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি মা ও শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। তবে জায়গা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে কার্যক্রম চলছে সীমিত পরিসরে।

হামলা ও ভাঙচুরে কেন্দ্রটির ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে যাওয়া দেয়াল পুনর্নির্মাণসহ অন্যান্য মেরামতের কাজ এগিয়ে চলছে। একদিকে নির্মাণশ্রমিকেরা ভবন সংস্কারে ব্যস্ত, অন্যদিকে কেন্দ্রের সামনে অপেক্ষা করছেন সেবা নিতে আসা মানুষ।

স্বাস্থ্যসেবা নিতে শিশুদের নিয়ে আসা অভিভাবকেরা অস্থায়ী ব্যবস্থাতেই প্রয়োজনীয় সেবা নিচ্ছেন। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম চালু থাকায় সেবাগ্রহীতাদের উপস্থিতি দেখা গেছে।

ক্ষতিগ্রস্ত ভবনের সংস্কার শেষ হলে কেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে আশা করা হচ্ছে।

আপাতত অস্থায়ী ব্যবস্থায় স্বাস্থ্যসেবা চালু রাখায় এলাকার মা ও শিশুরা জরুরি ও নিয়মিত কিছু সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।