শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

টুইট ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া ভারতের সামনে অন্য কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং আদালত এতে যুক্ত থাকায় কোনো নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর একটি অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী।

শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে তিনি বলেন, ওই সময় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাকে বহনকারী বিমান ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কী দাঁড়াত, তা বলা কঠিন ছিল। প্রতিবেশী দেশ হিসেবে তৎকালীন বাস্তবতা বিবেচনায় ভারত তাকে প্রবেশের সুযোগ দেয়।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, শেখ হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। তিনি বাংলাদেশের একটি সামরিক বিমানে করে ভারতে পৌঁছান। ওই সময়কার পরিস্থিতির কারণে ঘটনাটি ঘটেছিল বলেও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন করা হলে ভারতীয় হাইকমিশনার বলেন, বিষয়টি একটি সুগঠিত আইনি প্রক্রিয়ার আওতাধীন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একাধিকবার অবস্থান জানিয়েছে। প্রক্রিয়াটি চলমান এবং এতে আদালত যুক্ত থাকায় এর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া সম্ভব নয়।