আখতারুজ্জামানের গ্রেপ্তার: জামায়াতের নিঃশর্ত মুক্তির দাবি

বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান।
নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান বৃহস্পতিবার পবিত্র ওমরা পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন। বিমানবন্দরে তিনি যাত্রী হয়রানি ও ভোগান্তির শিকার হন বলে দাবি করে এর প্রতিবাদ জানান।
মিয়া গোলাম পরওয়ারের দাবি, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্তের কথা জানিয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগেই আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।
জামায়াতের এই নেতা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে যাত্রীদের মধ্যে বিভিন্ন অভিযোগ ও ক্ষোভ রয়েছে। এর মধ্যে অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ, লাগেজ নিয়ে হয়রানি এবং নারী, অসুস্থ ও বয়স্ক যাত্রীদের অতিরিক্ত ভোগান্তির অভিযোগও রয়েছে।
তিনি আখতারুজ্জামানসহ বিমানবন্দরে ভোগান্তির শিকার যাত্রীদের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে মেজর (অব.) আখতারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানান।






