মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার দাবি সৌদির

হামলায় ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত, মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকার দাবি; অভিযোগ অস্বীকার হুথিদের

টুইট ডেস্ক: ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনায় একটি বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। সৌদি কর্তৃপক্ষের দাবি, মঙ্গলবার মদিনার ওই বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়। তবে হুথিরা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের ভাষ্য অনুযায়ী, হামলার লক্ষ্য হওয়া বিদ্যুৎকেন্দ্রটি মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করে। হামলায় একটি বিদ্যুৎ পরিবাহী যন্ত্র ক্ষতিগ্রস্ত হলেও মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে তারা।

জোটটি আরও দাবি করেছে, হামলায় ব্যবহৃত চালকবিহীন আকাশযান পরীক্ষা করে হুথিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের পরিকল্পনা ও বাস্তবায়নেই হামলাটি হয়েছে বলে দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের।

তবে হুথিদের পক্ষ থেকে এ অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে। তাদের একটি সূত্রের দাবি, মদিনায় হামলার অভিযোগও মিথ্যা। এর আগে মক্কায় হামলার চেষ্টার অভিযোগও সৌদি আরব তুলেছিল এবং সেটিও হুথিরা ‘ঘৃণ্য মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছিল।

সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযোগ, হুথিরা মক্কা ও মদিনার মতো ইসলামের পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করছে। তাদের দাবি, মুসলিম বিশ্বের মধ্যে উত্তেজনা সৃষ্টি করাই এ ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য। দুই পবিত্র স্থান রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে জোটটি।