৩২ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে জিম ক্যারির

দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন ৬৪ বছর বয়সী হলিউড তারকা।
টুইট প্রতিবেদক: দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জিম ক্যারি। ৬৪ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে মিন আহর বয়সের ব্যবধান ৩২ বছর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘরোয়া ও ব্যক্তিগত আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বুধবার জিম ক্যারির এক মুখপাত্র বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। বিনোদনবিষয়ক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ছোট পরিসরের ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছেন এই জুটি। তবে অনুষ্ঠানের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
জানা গেছে, ২০২২ সাল থেকে সম্পর্কে রয়েছেন জিম ক্যারি ও মিন আহ। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু থেকেই গোপনীয়তা বজায় রেখেছেন তারা। চলতি বছরের শুরুতে ফ্রান্সে অনুষ্ঠিত সেজার পুরস্কার অনুষ্ঠানে প্রথমবারের মতো তাদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। সেখানে মিন আহকে নিজের সঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দেন ক্যারি।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নিজের পরিবার, মেয়ে জেন ও নাতি জ্যাকসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জিম ক্যারি। পরে মিন আহর উদ্দেশে ভালোবাসা প্রকাশ করে তাকে অসাধারণ সঙ্গী হিসেবে উল্লেখ করেন তিনি।
এর আগে দুবার বিয়ে করেছিলেন জিম ক্যারি। ১৯৮৭ সালে মেলিসা ওমারকে বিয়ে করেন তিনি। তাদের এক মেয়ে রয়েছে। ১৯৯৫ সালে তাদের বিচ্ছেদ হয়। পরের বছর ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ ছবির সহশিল্পী লরেন হলিকে বিয়ে করেন ক্যারি। তবে এক বছর পরই তাদের বিচ্ছেদ ঘটে।
অভিনয়ের পাশাপাশি কৌতুকশিল্পী হিসেবেও দীর্ঘ ক্যারিয়ার রয়েছে জিম ক্যারির। ‘ইন লিভিং কালার’ অনুষ্ঠান দিয়ে পরিচিতি পাওয়ার পর ১৯৯৪ সালে ‘এস ভেনচুরা: পেট ডিটেকটিভ’, ‘দ্য মাস্ক’ ও ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। পরে ‘দ্য ট্রুম্যান শো’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’ ও ‘ম্যান অন দ্য মুন’-এর মতো ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হন।
‘দ্য ট্রুম্যান শো’ ও ‘ম্যান অন দ্য মুন’ ছবির জন্য দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারও পেয়েছেন জিম ক্যারি। সম্প্রতি ফ্রান্সের ৫১তম সেজার পুরস্কার অনুষ্ঠানে তাকে সম্মানসূচক পুরস্কারে ভূষিত করা হয়।






