নতুন সাজে মারিয়া শান্ত

নতুন রূপে ক্যামেরার সামনে অভিনেত্রী, বাছাই করা গল্প ও চরিত্রে অভিনয়ে মনোযোগী

টুইট প্রতিবেদক: মডেল ও অভিনেত্রী মারিয়া শান্ত নতুন সাজে ক্যামেরার সামনে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা কয়েকটি ছবিতে ভিন্নধর্মী সাজ ও উপস্থিতিতে দেখা গেছে তাঁকে।

নাটকের পরিচিত মুখ মারিয়া শান্ত এবার নতুন রূপে ছবি তুলে তা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কখনো সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনো মিষ্টি হাসিতে স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি।

‘বুক পকেটের গল্প’ নাটকের মাধ্যমে আলোচনায় আসেন মারিয়া শান্ত। মডেলিং দিয়ে তাঁর শোবিজে যাত্রা শুরু হলেও পরবর্তী সময়ে নাটকে অভিনয় করে পরিচিতি পান তিনি।

নাটকের পাশাপাশি বড় পর্দাতেও অভিষেক হয়েছে এই অভিনেত্রীর। এ বছর ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। ভবিষ্যতে চলচ্চিত্রেও নিয়মিত কাজ করার আগ্রহ রয়েছে তাঁর।

বর্তমানে কাজের ক্ষেত্রে কিছুটা বেছে চলছেন মারিয়া। তাঁর ভাষ্য, ভালো গল্প ও অর্থবহ চরিত্রকে গুরুত্ব দিয়ে ধীরে ধীরে অভিনয়কে আরও পরিণত করতে চান তিনি। ফলে পর্দায় উপস্থিতি কম হলেও পছন্দের কাজ নিয়েই এগোতে চাইছেন এই অভিনেত্রী।