অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

টুইট ডেস্ক: দেশে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনাও সরকারের নেই বলে জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের শুভারম্ভ ফলক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা নেই। অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর চিন্তাভাবনাও সরকারের নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আলাদাভাবে নতুন কোনো বাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে দেশব্যাপী অপরাধ দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসারসহ সব আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে চলমান যৌথ অভিযান আরও জোরদার করা হবে।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোকে সমন্বিতভাবে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।






