চাটখিলে বন্ধুর হাতুড়ির আঘাতে তরুণ, মোটরসাইকেল-ফোন নিয়ে পালানোর অভিযোগ

বন্ধুর হাতুড়ির আঘাতে তরুণ, মোটরসাইকেল-ফোন নিয়ে পালানোর অভিযোগ।

টুইট ডেস্ক: নোয়াখালীর চাটখিলে বন্ধুকে তাঁর নানার বাড়িতে পৌঁছে দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন মো. নাজমুল ইসলাম (২২) নামের এক তরুণ। অভিযোগ উঠেছে, মোটরসাইকেলের পেছনে বসে থাকা তাঁর বন্ধু রিমি হঠাৎ হাতুড়ি দিয়ে নাজমুলের মাথায় আঘাত করেন। পরে তাঁর মোটরসাইকেল ও মুঠোফোন নিয়ে পালিয়ে যান রিমি।
রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মাওলানা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নাজমুল উপজেলার ভাওর গ্রামের সৌদিপ্রবাসী মমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত রিমি (২২) চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে। তিনি নাজমুলের বন্ধু হিসেবে পরিচিত।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে রিমি তাঁর নানার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নাজমুলকে অনুরোধ করেন। বন্ধুর অনুরোধে রাজি হয়ে নিজের মোটরসাইকেলে তাঁকে নিয়ে রওনা হন নাজমুল।

মাওলানা বাজার এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেলের পেছনে বসে থাকা রিমি হঠাৎ হাতুড়ি দিয়ে নাজমুলের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর মাথা রক্তাক্ত হয়ে যায়।

আহত অবস্থায় নাজমুল চিৎকার করতে করতে সড়কের পাশের একটি দোকানে আশ্রয় নেন। এ সময় রিমি তাঁর মোটরসাইকেল ও মুঠোফোন নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

পরে স্থানীয় লোকজন নাজমুলকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে স্বজনেরা রাতেই তাঁকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায় জানান, হামলার শিকার তরুণের পরিবারের পক্ষ থেকে সোমবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলেও তিনি জানান।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে হামলার কারণ এবং মোটরসাইকেল ও মুঠোফোন নিয়ে যাওয়ার অভিযোগের বিস্তারিত তথ্য তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।