দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারি লক্ষ্যমাত্রা অর্জনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় বেসরকারি বিনিয়োগ বা নিজস্ব তহবিল ব্যবহারের নির্দেশ
টুইট ডেস্ক: অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, সরকারি অফিসে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের আলোকে বিদ্যুৎ বিভাগ অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজস্ব উপযুক্ত স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
এ জন্য বেসরকারি বিনিয়োগের মাধ্যমে ‘ওপেক্স’ পদ্ধতি অথবা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল ব্যবহার করা যাবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের উপযোগী স্থাপনায় পর্যায়ক্রমে এ ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় অন্যান্য সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানেও সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
সরকারের নির্ধারিত অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং বিদ্যুতের বিকল্প উৎস বাড়ানোর অংশ হিসেবেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।






