পরিচ্ছন্ন বান্দরবান গড়তে পৌরসভার অভিযান, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান প্রশাসকের

নতুন, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বান্দরবান গড়ার প্রত্যয়ে শহরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে বান্দরবান পৌরসভা
বান্দরবান প্রতিনিধি: আজ শনিবার ২৬ সেপ্টেম্বর দিনব্যাপী শহরের বাজার, অলিগলি এবং সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার। সাথে ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া ও পৌর প্রকৌশল টিম। অভিযানে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশ নেন।
এ সময় পৌর প্রশাসক এস এম মনজুরুল হক বলেন,
“বান্দরবানকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও মডেল পর্যটন শহর হিসেবে গড়তে চাই। আমরা বাজারের দুপাশের আবর্জনা পরিষ্কার করছি। সকলের প্রতি অনুরোধ, যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন। শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সরকারি খাস জমি ও সড়কের ওপর অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার কাজও চলমান থাকবে।”
পৌরসভা জানায়, এই পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।






