কমিউনিটি ব্যাংককে দেশের অন্যতম শীর্ষ ব্যাংক করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বচ্ছতা, সহজ ঋণসেবা ও সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্ব; উদ্বোধন করা হলো ‘বাইক লোন’ ও ‘স্বপ্নের বাড়ি’ কর্মসূচি।

নিজস্ব প্রতিবেদক: জনগণের শতভাগ আস্থা অর্জন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে কমিউনিটি ব্যাংক পিএলসিকে দেশের অন্যতম শীর্ষ ব্যাংকে পরিণত করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে কমিউনিটি ব্যাংক পিএলসির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শৃঙ্খলাবদ্ধ বাহিনীর মাধ্যমে পরিচালিত ব্যাংকিং প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য হলো নিয়ম-কানুন ও শৃঙ্খলা বজায় রাখা। কমিউনিটি ব্যাংকের খেলাপি ঋণের তুলনামূলক কম হারকে তিনি দেশের ব্যাংকিং খাতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, কমিউনিটি ব্যাংককে শুধু পুলিশ সদস্যদের ব্যাংক হিসেবে সীমাবদ্ধ রাখলে এর ব্যবসা ও আমানত কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়বে না। সাধারণ আমানতকারী ও ব্যবসায়ীরা যাতে নিরাপদ ও আস্থার সঙ্গে ব্যাংকটিতে অর্থ রাখতে পারেন, সে পরিবেশ তৈরি করতে হবে।

ঋণসেবার ক্ষেত্রে গ্রাহকবান্ধব নীতির ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, লোন ডিলিং, জামানত প্রক্রিয়া ও ঋণ বিতরণে অহেতুক জটিলতা পরিহার করতে হবে। বিশ্বস্ত গ্রাহকদের সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করা প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ব্যাংকের সাফল্য শুধু বছর শেষে কত টাকা মুনাফা হলো, তার ওপর নির্ভর করা উচিত নয়। কমিউনিটি ব্যাংকের ক্ষেত্রে কত বেশি মানুষকে মানসম্মত ব্যাংকিং সেবা দেওয়া গেল—সেটিও সাফল্যের গুরুত্বপূর্ণ মানদণ্ড হওয়া উচিত।

করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর ফান্ড ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এ অর্থ রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা কাউকে খুশি করার জন্য ব্যবহার করা উচিত নয়। দেশের জন্য জীবন দেওয়া বা দায়িত্ব পালন করতে গিয়ে পঙ্গুত্ববরণ করা পুলিশ ও শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানোকে তিনি প্রকৃত সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা হিসেবে উল্লেখ করেন।

সম্প্রতি সাভারের আমিনবাজারে নিহত পুলিশ সদস্যের অসহায় পরিবার এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দায়িত্ব পালনকালে নিহত র‍্যাব কর্মকর্তার পরিবারের পাশে সিএসআর ফান্ড থেকে সহায়তা নিয়ে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পুলিশ বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, দায়িত্বশীল আচরণ ও সঠিক দিকনির্দেশনা অনুসরণ করে পরিচালিত হলে আগামী কয়েক বছরের মধ্যে কমিউনিটি ব্যাংক দেশের অন্যতম শীর্ষ ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আকরাম হোসেন খান বিপিএম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. মো. মোরশেদ হাসান খান।

অনুষ্ঠানে কেক কেটে ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে পুলিশ সদস্যদের জন্য কমিউনিটি ব্যাংকের ‘বাইক লোন’ ও ‘স্বপ্নের বাড়ি’ শীর্ষক হোম লোন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অডিও-ভিজ্যুয়াল পরিবেশনার মাধ্যমে কমিউনিটি ব্যাংকের সাত বছরের কার্যক্রম, সাফল্য ও গুরুত্বপূর্ণ উন্নয়ন তুলে ধরা হয়। পরে ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের অতিথিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।