দুর্গাপুরে নবজাতকের নামে বৃক্ষ রোপণ করলেন ইউএনও

নবজাতকের বেড়ে ওঠার সঙ্গে গাছের বেড়ে ওঠার স্মৃতি তৈরির পাশাপাশি জন্মনিবন্ধনে পরিবারগুলোকে উৎসাহিত করতেই ব্যতিক্রমী এ উদ্যোগ।

নিজস্ব প্রতিবেদক (দুর্গাপুর) রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে পরিবেশ সুরক্ষার পাশাপাশি জন্মনিবন্ধনে পরিবারগুলোকে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। রায়হান নামের এক নবজাতকের নামে দুটি বৃক্ষ রোপণ করেছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার নওপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামে ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

এর আগে ইউএনও নওপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বৃক্ষ রোপণ করেন। পরে তিনি গোপালপুর গ্রামের কাঁচা রাস্তা পায়ে হেঁটে গিয়ে নবজাতক রায়হানের নামে দুটি বৃক্ষ রোপণ করেন।

উম্মে হাবিবা ফারজানা বলেন, শিশুর নামে গাছ রোপণের মাধ্যমে তার বেড়ে ওঠার সঙ্গে গাছটির বেড়ে ওঠার একটি সুন্দর স্মৃতি তৈরি হবে। একই সঙ্গে জন্মের পরপরই শিশুর জন্মনিবন্ধন সম্পন্ন করতে পরিবারগুলোকে উৎসাহিত করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।