বিপিএম-সেবা পদকে ভূষিত রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ

দায়িত্ব পালনে বিশেষ অবদান ও সেবার স্বীকৃতি হিসেবে পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা পদকে ভূষিত হয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেশের ৯২ জন পুলিশ সদস্যকে চার শ্রেণির পুলিশ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এসব পদক দেওয়া হচ্ছে।
চার শ্রেণির পদকের মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পাচ্ছেন ১২ জন, বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা ১৮ জন, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ১৮ জন এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পাচ্ছেন ৪৪ জন পুলিশ সদস্য।
রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে বিপিএম-সেবা পদকে ভূষিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। রংপুর রেঞ্জের কর্মকর্তা ও সদস্যরা তাঁর এই অর্জনকে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন।
পুলিশের দায়িত্ব পালনে সাহসিকতা, সেবা, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবার ৯২ জন পুলিশ সদস্যকে পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।





