চীন-বাংলাদেশ নৌ-সহযোগিতায় নতুন বার্তা, যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা

চীনা নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান। সামুদ্রিক নিরাপত্তা, প্রশিক্ষণ ও নৌ-সহযোগিতা জোরদারে গুরুত্ব; বিদায়ের আগে যৌথ মহড়ায় অংশ নেবে চীনা যুদ্ধজাহাজ।

নিজস্ব প্রতি‌নি‌ধি: বাংলাদেশে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে আসা চীনের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘থাং শান’ (TANG SHAN) ও ‘দা ছিং’ (DA QING) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জাহাজ দুটি পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চীনা দূতাবাসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চীনা নৌবাহিনীর জাহাজ দুটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় জাহাজে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, নৌ সরঞ্জাম, নিরাপত্তাব্যবস্থা এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে তিনি অবহিত হন। পরে তিনি জাহাজ দুটির কমান্ডিং অফিসার, কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন। এতে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

মতবিনিময়ে আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা জোরদার, সামরিক প্রশিক্ষণ সম্প্রসারণ এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত যোগাযোগ আরও বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ—‘থাং শান’ (TANG SHAN), ‘দা ছিং’ (DA QING) এবং ‘থাই হু’ (TAI HU)—পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

সফরটি দুই দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি করেছে। বিশেষ করে সামুদ্রিক নিরাপত্তা, যৌথ প্রশিক্ষণ, নৌ-নিরাপত্তা এবং সামুদ্রিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

চীনা নৌবাহিনীর জাহাজগুলো বাংলাদেশ ত্যাগের সময় দুই দেশের নৌবাহিনীর অংশগ্রহণে PASSEX (Passing Exercise) নামে একটি যৌথ মহড়ায় অংশ নেবে। এ ধরনের মহড়া দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সমন্বয়, যোগাযোগ ও পেশাগত সক্ষমতা বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।