ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা: আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

আহত কর্মকর্তার চিকিৎসার খোঁজ নিলেন, দ্রুত সুস্থতা কামনা; নিহত দুই সেনাসদস্যের পরিবারের প্রতি সমবেদনা

টুইট ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ওই কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

প্রধানমন্ত্রী আহত কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাহস ও সান্ত্বনা দেন। হাসপাতালে এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন।

পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।