স্কুলে ভয়াবহ আগুন, ডিআর কঙ্গোয় নিহত ২৯ শিশু

দুটি স্কুল ও শত শত ঘর পুড়ে ছাই, আতঙ্কে হুড়োহুড়িতে প্রাণহানি; আহতদের অনেকে নিবিড় পরিচর্যায়
টুইট ডেস্ক: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুলশিক্ষার্থী। আগুনে দুটি স্কুলসহ প্রায় ৩০০টি কাঠের তৈরি ঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আফ্রিকান কন্টিনেন্টাল ফোর্সেস/এএফসি-এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা এ তথ্য জানান।
স্থানীয় সময় সকাল ৮টার দিকে বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে উজামা প্রাথমিক বিদ্যালয়, ফুরাহা মাধ্যমিক বিদ্যালয় এবং আশপাশের বসতিতে পৌঁছে যায়। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত বহু শিক্ষার্থীকে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
মুখপাত্র লরেন্স কানিউকা জানান, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নিহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়।
আগুন ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগের ভাষ্য অনুযায়ী, অনেকে একে অন্যের ওপর পড়ে যান এবং কয়েকজন পদদলিত হয়ে মারা যান। কেউ কেউ আগুন থেকে বের হতে গিয়ে বিপজ্জনক পথ বেছে নেন।
এ ঘটনায় অন্তত ২৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২১ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ১৭ জন কাদুতু সাধারণ হাসপাতালে এবং চারজন বুকাভু প্রাদেশিক সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রের নার্স ক্রিস্টোফ জিগাশানে জানান, প্রায় ৫০ জন শিক্ষার্থীকে সেখানে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন শিক্ষকও ছিলেন। অধিকাংশের অবস্থা ছিল গুরুতর এবং কয়েকজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর মারা যান।
বুকাভু শহরটি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে রুয়ান্ডার সমর্থনপুষ্ট এএফসি-এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। খনিজ সম্পদে সমৃদ্ধ পূর্ব ডিআর কঙ্গোর বিস্তীর্ণ অঞ্চল দখলের লক্ষ্যে গোষ্ঠীটি অভিযান জোরদার করার পর শহরটির নিয়ন্ত্রণ নেয়।
এদিকে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এএফসি-এম২৩ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয় এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত চলায় সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বুকাভুতে সাম্প্রতিক সময়ে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৬ সেপ্টেম্বরের একটি অগ্নিকাণ্ডে ৪৫টির বেশি বাড়ি পুড়ে যায় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।






