রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

নিরাপত্তা চেয়ে বোয়ালিয়া মডেল থানায় সাংবাদিকের জিডি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক সকালের সময় পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মো. শাহিনুর রহমান সোনাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক শাহিনুর রহমান সোনা।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা গেছে, মো. শাহিনুর রহমান সোনা দৈনিক সকালের সময় পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৫ সেপ্টেম্বর পত্রিকাটির অনলাইন সংস্করণে এবং পরদিন ৬ সেপ্টেম্বর মুদ্রিত সংস্করণে ‘সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

অভিযোগ অনুযায়ী, প্রতিবেদনটি প্রকাশের পর মঙ্গলবার দুপুর আনুমানিক ৩টা ৫৭ মিনিটে বোয়ালিয়া থানার অলোকার মোড়ে নিজ কর্মস্থলে অবস্থানকালে সাংবাদিক শাহিনুর রহমান সোনার ব্যক্তিগত মোবাইল ফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে।

জিডিতে তিনি উল্লেখ করেন, কলকারী প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ করেন। একপর্যায়ে তাঁকে বড় ধরনের ক্ষতি করা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

হুমকিদাতা বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম উল্লেখ করে তাঁদের নিকটাত্মীয় বলে পরিচয় দিয়েছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর জীবনের নিরাপত্তা চেয়ে বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরির আবেদন করেন সাংবাদিক শাহিনুর রহমান সোনা। তাঁর জিডি নম্বর ৫৪২ এবং তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬।

সাংবাদিক শাহিনুর রহমান সোনা বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে এমন হুমকির মুখে পড়তে হয়েছে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা মারাত্মক আতঙ্কের মধ্যে রয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত বা হুমকিদাতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তবে সাংবাদিকের করা সাধারণ ডায়েরির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা গেছে।