মাছ উৎপাদন দ্বিগুণ করে রপ্তানি বাড়াতে হবে: ভূমিমন্ত্রী মিনু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মৎস্যজীবী দলের পোনা অবমুক্তকরণ কর্মসূচি। মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর।
রাজশাহী প্রতিনিধি: ‘ভাতে-মাছে বাঙালি’—এই ঐতিহ্যকে সামনে রেখে দেশে মাছের উৎপাদন দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, দেশে মাছের উৎপাদন বাড়িয়ে উদ্বৃত্ত মাছ বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশকে মৎস্যভান্ডারে পরিণত করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে মৎস্যজীবীদের চাহিদা পূরণ ও তাদের সমস্যার সমাধানে সরকার কাজ করছে। প্রতিটি জেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে মাছের উৎপাদন দ্বিগুণ করার প্রচেষ্টা চলছে।
তিনি বলেন, মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও উৎপাদন বাড়াতে তাদের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
মিজানুর রহমান মিনু জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীদের সরকারের মৎস্য উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। আরও উপস্থিত ছিলেন মহানগর মৎস্যজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক নাজমুল হক বাবলু, গোদাগাড়ী পৌর সভাপতি বেলাল উদ্দিনসহ মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে অতিথিরা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।







