মায়ের মূর্ত প্রতীকই বেগম খালেদা জিয়া: ভূমিমন্ত্রী মিনু

শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে কঠোর পরিশ্রমের আহ্বান; স্বাস্থ্য ও শিক্ষা খাতে গুরুত্ব দেওয়ার কথা জানালেন

নিজস্ব প্রতিবেদক : ‘মায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া’-এমন মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী আইএইচটির সম্মেলন কক্ষে শাখা ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, ‘মায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া। আমাদের সেই মা, যিনি গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করে আমাদের ছেড়ে চলে গেছেন।’

তিনি বলেন, বর্তমানে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব পালন করছেন। তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি বলেও মন্তব্য করেন তিনি। নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্যেও দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেন ভূমিমন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে সফল হতে হলে প্রথমে নিজেদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। এরপর সেই লক্ষ্যে পৌঁছাতে অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কোনোভাবেই হাল ছাড়া যাবে না।

আইএইচটির শিক্ষার্থীদের উদ্দেশে মিনু বলেন, তোমরাই আগামী দিনের স্বাস্থ্য বিশেষজ্ঞ। জনগণ একটি সুন্দর ও কার্যকর চিকিৎসাব্যবস্থা প্রত্যাশা করে। সেই ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, আইএইচটির শিক্ষার্থীরা এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখছেন।

স্বাস্থ্য ও শিক্ষা খাতের প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যব্যবস্থাকে গুরুত্ব দিয়েছেন। বাজেটে শিক্ষার পর স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করার পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণের আহ্বান জানান তিনি।

দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে মিজানুর রহমান মিনু বলেন, ভাষার জন্য জীবন উৎসর্গের ইতিহাস বাংলাদেশের রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিকূল পরিস্থিতিতে স্বাধীনতার যুদ্ধের ঘোষণার ডাক দিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি। এরপর মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

দেশের জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট অনেকটাই সাময়িক। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে সংকট তৈরি হয়েছে, তার প্রভাব বাংলাদেশেও পড়েছে।

তিনি বলেন, ‘তারপরও আমাদের প্রধানমন্ত্রী সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করছেন। আমরা সবাই মিলে সুন্দর সোনার বাংলা গড়ে তুলব।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে দুর্নীতির অভিযোগ তুলে ভূমিমন্ত্রী বলেন, ওই সময়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে গেছে এবং দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেখান থেকে দেশ ঘুরে দাঁড়িয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

রাজশাহী আইএইচটি ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন।

এ ছাড়া অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী আইএইচটির অধ্যক্ষ ডা. মো. মির্জা ওয়াসি পারভেজ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।