প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনা; নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি গাড়ি পড়ল ধানক্ষেতে, আহত প্রতিমন্ত্রী
টুইট ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
এর আগে সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রতিমন্ত্রী আবদুল বারীও আহত হয়েছেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আবদুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তাঁর সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় বৃদ্ধা ফিরোজা বেগমকে ধাক্কা দেয় তাঁকে বহনকারী সরকারি গাড়িটি। ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়। এ সময় গাড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও ছিলেন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আহত হলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।
অন্যদিকে স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী জানান, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






