রাজশাহী সিল্কের টানে ঢাকা থেকে এলেন এমপি গয়েশ্বর চন্দ্র রায়

রেশম কারখানার শোরুম পরিদর্শন করে প্রায় ৫০ হাজার টাকার রেশমবস্ত্র কিনলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিল্কের ঐতিহ্য ও গুণগত মানের প্রতি আগ্রহ থেকেই রাজশাহী রেশম কারখানার শোরুম পরিদর্শন করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ তিনি রাজশাহী রেশম কারখানার শোরুমে গিয়ে বিভিন্ন ধরনের রেশমবস্ত্র ঘুরে দেখেন। এ সময় পছন্দের বিভিন্ন রেশমবস্ত্র কিনেছেন তিনি। পরিবারের সদস্যদের জন্য প্রায় ৫০ হাজার টাকার রেশমবস্ত্র কেনেন বলে জানা গেছে।

রাজশাহী সিল্ক দেশের ঐতিহ্যবাহী ও বিশ্বব্যাপী পরিচিত রেশমবস্ত্র হিসেবে দীর্ঘদিন ধরে সুনাম ধরে রেখেছে। এর উন্নত মান, নান্দনিক নকশা ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে দেশ-বিদেশের ক্রেতাদের কাছে এর রয়েছে বিশেষ কদর।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিশিষ্টজনদের পাশাপাশি দেশ-বিদেশের ক্রেতাদের মধ্যে রাজশাহী সিল্কের চাহিদা রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিবারের জন্য রেশমবস্ত্র কিনতে গয়েশ্বর চন্দ্র রায়ের রাজশাহী রেশম কারখানার শোরুম পরিদর্শনকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।

রাজশাহীর ঐতিহ্যবাহী রেশমশিল্পের প্রতি এমন আগ্রহ এ শিল্পের প্রচার ও প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।