‘কমেডি ছবির শুটিং করাটা আমি চরম ঘৃণা করি’

‘হেরা ফেরি’র সাফল্যের পর কমেডি নির্মাণের চাপে অতিষ্ঠ ছিলেন প্রিয়দর্শন

টুইট ডেস্ক: ২০০০ সালে মুক্তি পাওয়া ‘হেরা ফেরি’ বলিউডে প্রিয়দর্শনের ক্যারিয়ারে এনে দিয়েছিল অভাবনীয় সাফল্য। তবে জনপ্রিয় এই কমেডি সিনেমার সাফল্যই পরবর্তী সময়ে তার জন্য এক ধরনের চাপ হয়ে দাঁড়ায় বলে জানিয়েছেন ভারতের এই খ্যাতনামা নির্মাতা।

সম্প্রতি নিজের পরিচালিত নতুন থ্রিলার সিনেমা ‘হাইওয়ান’-এর প্রচারণায় এক সাক্ষাৎকারে এমন আক্ষেপের কথা জানান প্রিয়দর্শন। তার দাবি, ‘হেরা ফেরি’ ব্যবসায়িকভাবে সফল হওয়ার পর চারপাশ থেকে তার ওপর কমেডি সিনেমা নির্মাণের প্রত্যাশা বাড়তে থাকে।

প্রিয়দর্শন বলেন, ক্যারিয়ারের শুরুতে তিনি ‘গার্দিশ’ ও ‘বিরাসাত’-এর মতো সিরিয়াস ও আবেগঘন সিনেমা নির্মাণ করেছিলেন। কিন্তু ‘হেরা ফেরি’ সফল হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। নির্মাতার ভাষায়, চারপাশ থেকে শুধু কমেডি সিনেমা নির্মাণের চাপ আসতে থাকে। এমনকি কমেডি সিনেমার শুটিং করাটাই তিনি চরম অপছন্দ করেন বলেও জানান।

তার মতে, একজন নির্মাতাকে নির্দিষ্ট কোনো ঘরানার মধ্যে আটকে রাখা উচিত নয়। দীর্ঘদিন একই ধরনের কাজ করতে থাকলে একসময় একঘেয়েমি চলে আসে। সেই একঘেয়েমি কাটিয়ে নতুন কিছু করার তাগিদ থেকেই ‘হাইওয়ান’-এর মতো থ্রিলার নির্মাণ করেছেন তিনি।

গত দুই দশকে প্রিয়দর্শন প্রায় ২০টি হিন্দি সিনেমা নির্মাণ করেছেন, যার অধিকাংশই ছিল কমেডিনির্ভর। ‘ভুল ভুলাইয়া’ ও ‘বিল্লু’র মতো সিনেমাতেও ছিল হাস্যরসের উপস্থিতি। তবে এসব সাফল্যের মধ্যেও থ্রিলার ও সিরিয়াস গল্পের প্রতি তার আগ্রহ বরাবরই প্রবল।

‘হাইওয়ান’-এর মাধ্যমে সেই পুরোনো আগ্রহেই ফিরতে চাইছেন প্রিয়দর্শন। তার বক্তব্যে স্পষ্ট, দর্শক তাকে কমেডি নির্মাতা হিসেবে যতটা চেনেন, নিজের সৃজনশীল পরিচয়কে তিনি তার চেয়ে অনেক বিস্তৃত মনে করেন।