রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

সবুজ নগরী গড়ার প্রত্যয়ে মহানগর বিএনপির উদ্যোগে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর বিএনপি।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নগরীর হাজী মুহাম্মদ মহসিন উচ্চবিদ্যালয় (মাদ্রাসা মাঠ) সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।

এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, খালিদ বিন ওয়ালিদ, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুঈদুর রহমান মঈদ, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পরভেজসহ থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি নেতৃবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা এবং রাজশাহীকে আরও সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

তারা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

কর্মসূচিতে মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।