আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ

টুইট ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগের অনুসন্ধানে ইতোমধ্যে চার সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধান দলের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির উপপরিচালক মো. জাহিদ কালাম। দলটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে নিয়োগ ও বদলি প্রক্রিয়া, বিভিন্ন ধরনের কেনাকাটা এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগগুলো যাচাই করবে।

অভিযোগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্ট চারজনের বিরুদ্ধে একটি চক্রের মাধ্যমে নিয়োগ, বদলি ও কেনাকাটায় অনিয়ম এবং দুর্নীতি সংঘটনের কথা বলা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বা অন্য অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অনুসন্ধানের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা, অনিয়মের ধরন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দুদকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।