সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে খাস জমি বরাদ্দে সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

স্থায়ী ক্যাম্পাসের জন্য খাস ও রেলওয়ের জমি বরাদ্দে দ্রুত উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক : সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ধারা অব্যাহত রাখতে রাজশাহী জাগো ফাউন্ডেশন স্কুলসহ শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানার জন্য সরকারের খাস জমি ও রেলওয়ের জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর আসাম কলোনিতে জাগো ফাউন্ডেশন পরিচালিত স্কুল পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।
ভূমিমন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে এবং তাদের কর্মসংস্থানমুখী শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে স্থায়ী জায়গার ব্যবস্থা করা জরুরি। এ লক্ষ্যে রাস্তার পাশে বা রেলওয়ের আশপাশে সুবিধাজনক সরকারি খাস জমি বরাদ্দের জন্য সংশ্লিষ্টদের আবেদন করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত ইউসেফের ১১টি বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৫ হাজার শিশু পড়াশোনা করছে। এসব বিদ্যালয়ের অধিকাংশই সিটি করপোরেশনের জায়গায় পরিচালিত হচ্ছে। মেয়র থাকাকালে এসব বিদ্যালয়ের জন্য তিনটি বহুতল ভবন নির্মাণসহ বিভিন্নভাবে সহযোগিতা করার কথাও উল্লেখ করেন তিনি।
জাগো ফাউন্ডেশনের বিদ্যালয়ের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে ভূমিমন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তাদের শিক্ষাজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।
ভূমিমন্ত্রী এ সময় রাজশাহী জাগো ফাউন্ডেশন স্কুলের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি বরাদ্দের আবেদন দ্রুত অনুমোদনের বিষয়ে রেলমন্ত্রী ও রেল সচিবের কাছে সরাসরি সুপারিশ পাঠানোর প্রতিশ্রুতি দেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাজশাহী জাগো ফাউন্ডেশন স্কুলে বর্তমানে প্রায় ৭০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করছে।
পরিদর্শনকালে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।






