রাজশাহীতে আমন রোপণ শেষের পথে, সারের সংকট নেই

কালোবাজারি ও অবৈধ মজুত ঠেকাতে প্রশাসনের নজরদারি, অভিযানে উদ্ধার ১,২৯৩ বস্তা সার।

রাজশাহী প্রতি‌নি‌ধি: রাজশাহীতে আমন ধান রোপণের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। ফলে কমেছে নন-ইউরিয়া সারের চাহিদা। তবে আমন ধানে উপরি প্রয়োগের জন্য জেলায় পর্যাপ্ত ইউরিয়া সার মজুত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (২৬ আগস্ট) জেলার বিভিন্ন সার ডিলার ও কৃষক পয়েন্ট পরিদর্শনকালে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বর্তমানে রাজশাহীতে ২ হাজার ৪৬৯ মেট্রিক টন ইউরিয়া সার মজুত রয়েছে। ইতোমধ্যে ডিলারদের সেপ্টেম্বর মাসের বরাদ্দও দেওয়া হয়েছে। তাই জেলায় সারের কোনো সংকট নেই।

তিনি বলেন, কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসন ও কৃষি বিভাগ নিয়মিত নজরদারি করছে। পাশাপাশি কালোবাজারি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসন জানায়, এ পর্যন্ত পরিচালিত অভিযানে ১ হাজার ২৯৩ বস্তা সার উদ্ধার এবং বিভিন্ন ঘটনায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কৃত্রিম সংকট সৃষ্টি, কালোবাজারি কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।