অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই পদোন্নতি, ২০২৯ সালের জুলাই পর্যন্ত নৌবাহিনীর নেতৃত্বে থাকবেন

টুইট ডেস্ক: বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সকালে নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল পদমর্যাদার পদক পরিয়ে দেন।

খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই তিনি ভাইস অ্যাডমিরাল থেকে অ্যাডমিরাল পদে উন্নীত হলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, তিন বছরের জন্য নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন খোন্দকার মিসবাহ উল আজীম। সে অনুযায়ী, ২০২৯ সালের ২২ জুলাই তার দায়িত্বের মেয়াদ শেষ হবে।

নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অ্যাডমিরাল পদে তার পদোন্নতি বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্ব কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।