১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী

স্বাধীনতা ও দায়িত্বশীলতার সমন্বয়ে গণমাধ্যমকে কাজ করার আহ্বান আন্দালিব রহমান পার্থর
টুইট ডেস্ক: দীর্ঘ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের পরিবর্তে নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে পরিচালনার ওপর গুরুত্ব দিতে হবে।
রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, গত কয়েক বছরে দেশের প্রতিটি ক্ষেত্রেই নৈতিক অবক্ষয় হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। তবে দেশকে নতুন একটি দিকে নিয়ে যাওয়ার যে স্বপ্ন, তা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না যাওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, মন্ত্রণালয় অবশ্যই তার নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে পরিচালনা করবে। তবে কোনোভাবেই যেন নিয়ন্ত্রণের দিকে যাওয়া না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে মাথায় রাখতে হবে।
সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করে পার্থ বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মন্ত্রণালয়কে কাজ করতে হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংবাদমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, ওই সময়ে গণমাধ্যমের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। দেশের পরিবর্তনের এই সময়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসেই মন্ত্রীর এমন বক্তব্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব নিয়ে সরকারের নীতিগত অবস্থানের বিষয়টি সামনে এসেছে।






