নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যোগ্য কর্মকর্তাদের পদোন্নতিতে পেশাগত দক্ষতা, নেতৃত্ব ও শৃঙ্খলাকে গুরুত্ব দেওয়ার আহ্বান
টুইট ডেস্ক: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) সকালে বিমানবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নির্বাচনী পর্ষদের কার্যক্রমের উদ্বোধন করেন।
নির্বাচনী পর্ষদের কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল পদমর্যাদার পদক পরিয়ে দেন।
এ পর্ষদের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনা করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও দূরদর্শিতাকে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দায়িত্ব পালনে দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যোগ্যতা ও পেশাগত মানদণ্ডের ভিত্তিতেই পদোন্নতির সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নির্বাচনী পর্ষদের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিচালনাগত স্থাপনা পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবাহিনীর কার্যক্রম ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
নৌ ও বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ পদে যোগ্য কর্মকর্তাদের নির্বাচন ও পদোন্নতির প্রক্রিয়ায় এ নির্বাচনী পর্ষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।






