রাজশাহীতে ‘রান ফর সিল্কসিটি’র সরাসরি নিবন্ধন শুরু

শহীদ মিনার প্রাঙ্গণে উদ্বোধন; স্বাস্থ্যসচেতনতা ও মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং দৌড়বিদদের উৎসাহিত করতে রাজশাহীতে ‘সিল্কসিটি রানার্স কমিউনিটি’র উদ্যোগে আয়োজিত ‘রান ফর সিল্কসিটি’ প্রতিযোগিতার সরাসরি নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত নিবন্ধনকেন্দ্রে দৌড়প্রেমীদের সরাসরি নিবন্ধন গ্রহণ শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের সদস্যসচিব মো. রকিবুল ইসলাম রবি। সম্মানিত অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সাদেকুল ইসলাম বিপ্লব ও এম জে জামান মুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা, উচ্চারণ ও আবৃত্তি বিশেষজ্ঞ এবং রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. জুয়েল কিবরিয়া। এ ছাড়া সংগঠনের সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম সানি, দপ্তর সম্পাদক আব্দুল আল নোমানসহ স্থানীয় তরুণ ও দৌড়বিদরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মো. রকিবুল ইসলাম রবি বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং সুস্থ-সবল সমাজ গঠনে খেলাধুলা ও দৌড়ের বিকল্প নেই। সিল্কসিটি রানার্স কমিউনিটির এ উদ্যোগ রাজশাহীর তরুণদের ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি মো. জুয়েল কিবরিয়া বলেন, দৌড় শুধু শরীরচর্চা নয়, এটি মনের প্রফুল্লতা ও শৃঙ্খলারও প্রতীক। ‘রান ফর সিল্কসিটি’ স্বাস্থ্যসচেতনতার সঙ্গে সাংস্কৃতিক আবহেরও মেলবন্ধন ঘটাবে।

সংগঠনের উপদেষ্টা সাদেকুল ইসলাম বিপ্লব ও এম জে জামান মুন বলেন, রাজশাহী শহরকে রানারদের প্রিয় শহর হিসেবে গড়ে তুলতেই তাদের এ প্রয়াস। সবার অংশগ্রহণ ও ভালোবাসায় আয়োজনটি আরও স্মরণীয় হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম সানি বলেন, এখন থেকে ক্রীড়ামোদী নগরবাসী সরাসরি নিবন্ধনকেন্দ্রে এসে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। আয়োজনের সার্বিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

দপ্তর সম্পাদক আব্দুল আল নোমান বলেন, নিবন্ধনকেন্দ্র চালুর মাধ্যমে দৌড়বিদদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে। সব বয়সী মানুষকে এ স্বাস্থ্যকর আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

আয়োজকেরা জানান, উদ্বোধনের পর থেকেই শহীদ মিনার প্রাঙ্গণের নিবন্ধনকেন্দ্রে অংশগ্রহণকারীদের নিবন্ধন গ্রহণ করা হচ্ছে। রাজশাহীর প্রাণকেন্দ্রে আয়োজিত এ ক্রীড়া আয়োজন ঘিরে সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাবে বলে আশা করছেন তারা।