দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে আটক ২

ভ্রাম্যমাণ আদালতে একজনের ৩ মাস ও অপরজনের ১ মাসের কারাদণ্ড, দুজনকেই ৩০০ টাকা করে অর্থদণ্ড।

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে একজনকে তিন মাস এবং অপরজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে দুজনকেই ৩০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—দুর্গাপুর উপজেলার সিংগা পশ্চিমপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে শিহাব (২৫) এবং হাড়িয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিমুল (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের পরিদর্শক হেলাল উদ্দিন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।