হাম-ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

কলেরা প্রতিরোধে ১৪ উপজেলায় মুখে খাওয়ার টিকা কর্মসূচি; ২২ আগস্ট থেকে প্রথম ডোজ

টুইট ডেস্ক: হাম, ডেঙ্গুসহ একাধিক রোগের পরিস্থিতি একসঙ্গে মোকাবিলা করতে হলেও সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিলনায়তনে জাতীয় পর্যায়ে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, একসময় কলেরায় প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যু হতো। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বর্তমানে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে কলেরা নির্মূলের লক্ষ্যে সরকার নতুন করে মুখে খাওয়ার টিকা কর্মসূচি শুরু করেছে।

এই কর্মসূচির আওতায় এক বছর বা তার বেশি বয়সী সবাইকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৪টি উপজেলায় প্রথম ডোজের টিকা দেওয়া হবে। এরপর ১৪ দিনের ব্যবধানে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এক বছরের বেশি বয়সী সবাইকে এ টিকার আওতায় আনা হলেও গর্ভবতী নারী, টিকার কোনো উপাদানে গুরুতর অ্যালার্জির পূর্ব ইতিহাস রয়েছে এমন ব্যক্তি এবং তীব্র সংক্রমণে আক্রান্ত ব্যক্তিরা এই টিকা নিতে পারবেন না।

অনুষ্ঠানে তিনি হাম ও ডেঙ্গুসহ অন্যান্য রোগের পরিস্থিতি নিয়েও কথা বলেন। একাধিক রোগ একসঙ্গে মোকাবিলা করতে হলেও পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।