লবণের বদলে খাবারে ডিটারজেন্ট, হাসপাতালে ৩৬ ছাত্রী

মধ্যাহ্নভোজ খেয়ে মাথা ঘোরা ও বমি; রান্নাঘরে একই জায়গায় রাখা ছিল লবণ ও ডিটারজেন্টের পাত্র

টুইট ডেস্ক: ভারতের বিহারের নালন্দা জেলায় বিদ্যালয়ের মধ্যাহ্নভোজে লবণের বদলে ভুল করে ডিটারজেন্ট মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই খাবার খেয়ে অন্তত ৩৬ জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তাদের সবার অবস্থা বর্তমানে স্থিতিশীল।

মঙ্গলবার (১৮ আগস্ট) নালন্দা জেলার নুরসরাই থানার পারাসি গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রতিদিনের মতো ওই দিনও শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজ রান্না করা হয়। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন শিক্ষার্থী মাথা ঘোরা ও বমির অভিযোগ করে। পরে একে একে আরও শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

অভিযোগ অনুযায়ী, রান্নার সময় এক রাঁধুনি ভুল করে লবণের পরিবর্তে ডিটারজেন্ট পাউডার খাবারে মিশিয়ে দেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, রান্নাঘরে লবণ ও ডিটারজেন্ট পাউডারের পাত্র একই জায়গায় রাখা ছিল। এ কারণে ভুলটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র কুমার সিং জানান, নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী একটি বেসরকারি সংস্থা সয়াবিন ও ভাত সরবরাহ করেছিল। খাবার খাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, এতে লবণ কম রয়েছে। এরপরই শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার বিষয়টি সামনে আসে।

প্রথমে বিদ্যালয়েই অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় প্রায় ৩৬ জন ছাত্রীকে বিহার শরিফ সদর হাসপাতালে নেওয়া হয়।

নালন্দার সিভিল সার্জন চিকিৎসক জয় প্রকাশ সিং হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি জানান, অসুস্থ সব শিক্ষার্থী এখন আশঙ্কামুক্ত এবং তাদের অবস্থা স্থিতিশীল।

এদিকে বিহারের পল্লি উন্নয়নমন্ত্রী শ্রবণ কুমার হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এবং চিকিৎসকদের কাছে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন।

ঘটনাটি ঘিরে বিদ্যালয়ের রান্নাঘরে খাদ্যসামগ্রী সংরক্ষণ ও খাবার প্রস্তুতের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুলের প্রকৃত কারণ এবং দায়িত্বে কারও অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।