কাতারের সঙ্গে জ্বালানি-অর্থনীতিতে সহযোগিতা বাড়াতে যৌথ কর্মদল

টুইট ডেস্ক: বাংলাদেশ ও কাতারের মধ্যে জ্বালানি, বিনিয়োগ, অর্থায়ন ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বা যৌথ কর্মদল গঠনের সিদ্ধান্ত হয়েছে।

দোহা সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান কাতারের জ্বালানি ও অর্থমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন।

মঙ্গলবার কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী এইচ ই সাদ শেরিদা আল-কাবির সঙ্গে বৈঠক করেন ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের বিদ্যমান জ্বালানি সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি এ খাতে সহযোগিতার পরিধি আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।

পরে কাতারের অর্থমন্ত্রী এইচ ই আলী বিন আহমেদ আল-কুওয়ারির সঙ্গে বৈঠকে বিনিয়োগ, অর্থায়ন ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও উঠে আসে। আলোচনার বিষয়গুলো বাস্তবায়ন ও সহযোগিতার অগ্রগতি ত্বরান্বিত করতে জ্বালানি ও আর্থিক খাতে পৃথক যৌথ কর্মদল গঠনে উভয় পক্ষ সম্মত হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা এইচ ই রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী এইচ ই আনিন্দা ইসলাম আমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এইচ ই হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ড. খলিলুর রহমান কাতারের জ্বালানি ও অর্থমন্ত্রীকে তাঁদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। যৌথ কর্মদল গঠনের মাধ্যমে দুই দেশের জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা আরও কার্যকর অংশীদারত্বে রূপ নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।