হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে রিট

টুইট ডেস্ক: নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন।
রিটকারীর আইনজীবীর তথ্যমতে, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হবে।
রিটে আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে অভিযোগ করা হয়েছে, সংসদ নির্বাচনের হলফনামায় আবদুল হান্নান মাসুদ গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। এ অভিযোগের ভিত্তিতেই তার এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
নোয়াখালী-৬ আসনটি দ্বীপ উপজেলা হাতিয়া নিয়ে গঠিত। সর্বশেষ নির্বাচনে এ আসন থেকে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল হান্নান মাসুদ।






