যত ব্যস্ততাই থাক, এলাকার উন্নয়নে পাশে থাকব: মির্জা ফখরুল

টুইট ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি কখনো ভাবেননি এত বড় দায়িত্ব পাবেন। দলের আস্থা ও মহান আল্লাহর রহমতে পাওয়া এ দায়িত্বে থেকে জনগণের সেবা করাই তার প্রধান লক্ষ্য।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে ‘ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকা’র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “যে পদেই থাকি না কেন, আমার ইচ্ছে আছে সবসময় জনগণের পাশে থেকে সেবা করে যাওয়ার। যতই ব্যস্ত থাকি না কেন, সবসময় এলাকার জনগণ ও সামগ্রিক উন্নয়নের পাশে থাকব।”
সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতারা মন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। পরে উপস্থিত সাংবাদিকদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
সৌজন্য সাক্ষাতে সংগঠনের সভাপতি মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের উপদেষ্টাদের মধ্যে সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ ও বাসসের জ্যেষ্ঠ সহসম্পাদক মাহাবুর আলম সোহাগ উপস্থিত ছিলেন।






