রাজশাহীতে চলন্ত ট্রেনের তেল ট্যাংকার থেকে চুরি: ভিডিও ভাইরাল

রেল নিরাপত্তা বাহিনী, চালক ও ট্রেন পরিচালকের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ; তদন্তের আশ্বাস জিএমের।

নিজস্ব প্রতি‌নি‌ধি: রাজশাহীর হরিয়ান রেলস্টেশনে ট্রেনের জ্বালানি তেলের ট্যাংকার থেকে তেল চুরির অভিযোগ উঠেছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী, ট্রেনের চালক ও ট্রেন পরিচালকের প্রত্যক্ষ সহযোগিতায় এ চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী একটি মেইল ট্রেনের যাত্রীবাহী বগির সঙ্গে থাকা দুটি জ্বালানি তেলের ট্যাংকার থেকে তেল চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

রেলের তেল চুরির ভিডিও ভাইরাল

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হরিয়ান রেলস্টেশনে ট্রেন থামার পর ট্যাংকার থেকে তেল বের করে নেওয়া হয়। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি ট্রেনের চালক ও পরিচালকও বিষয়টি জানতেন এবং তাদের সহযোগিতাতেই তেল চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, শুধু হরিয়ান নয়, পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন স্টেশন ও রেলপথে দীর্ঘদিন ধরে ট্রেনের ইঞ্জিন, পাওয়ার কার ও তেলবাহী ট্যাংকার থেকে জ্বালানি তেল চুরির ঘটনা ঘটছে। এর মধ্যে সারদা, আমনুরা, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ভাঙ্গা, সাহাগোলা, সান্তাহার, পার্বতীপুর ও চাটমোহরসহ বিভিন্ন স্টেশনের নাম উঠে এসেছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এসব তেল চুরি করা হয়। এতে রেলের বিপুল পরিমাণ জ্বালানি তেল বেহাত হওয়ার পাশাপাশি সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

তবে অভিযোগের বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, ট্রেনের চালক ও পরিচালকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ বলেন, “ইতিমধ্যে বিষয়টি জেনেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রেলের জ্বালানি তেল চুরির অভিযোগটি খতিয়ে দেখে জড়িতদের শনাক্ত করে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।