রাজশাহী নগর উন্নয়নে জিআইজেডের সঙ্গে রাসিকের মতবিনিময়

টেকসই নগর উন্নয়ন, জলবায়ু মোকাবিলা ও বনায়নে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা।

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। জিআইজেডের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার এবং ‘লিভেবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল’ প্রকল্পের প্রধান কাথারিনা মানেকে এতে অংশ নেন।

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নগর বনায়ন, পরিবেশ সংরক্ষণ এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে নগরীর উন্নয়ন কার্যক্রমে জিআইজেডের সহযোগিতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে আধুনিক, পরিবেশবান্ধব, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নগর উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, রাজশাহীর স্থানীয় বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায় সিটি করপোরেশন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে নগরবাসীর জন্য আরও কার্যকর ও টেকসই উন্নয়ন উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতবিনিময়কালে জিআইজেডের ইমপ্রেশন ম্যানেজার বিপাশা দত্ত, আরবান অ্যান্ড রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মো. শামিউল আলিম শাহ এবং ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভারসিটি অ্যাডভাইজার পাঞ্চানন কুমার ধালী উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাতে রাজশাহীর নগর পরিবেশ উন্নয়ন, সবুজায়ন ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর পাশাপাশি নগর ব্যবস্থাপনাকে আরও জনবান্ধব করার বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।