রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনও নাকচ করেছেন হাইকোর্ট
টুইট ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
এর আগে গত ১৩ আগস্ট সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটের আদেশের জন্য সোমবার (১৭ আগস্ট) দিন ধার্য করা হয়েছিল।
রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তোলা হয়। এই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দিলে তাঁর সংসদীয় আসন শূন্য হবে।
রিটকারী আইনজীবীর দাবি, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন এবং এতে তাঁদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়।






