৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের কোনো তথ্যই নেই: কারা মহাপরিদর্শক

জুলাই গণঅভ্যুত্থানের পর কারাগার ভেঙে পালানো বন্দিদের তথ্য জানালেন আইজি প্রিজন
টুইট ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ৬৯০ বন্দি এখনো পলাতক রয়েছেন। তাঁদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই কারা কর্তৃপক্ষের কাছে নেই বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সমসাময়িক পরিস্থিতি ও কারা অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।
আইজি প্রিজন বলেন, ২০২৪ সালে দেশের বিভিন্ন কারাগার ভেঙে মোট ২ হাজার ২৪৭ বন্দি পালিয়ে যায়। এর মধ্যে এখনো ৬৯০ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তিনি জানান, নরসিংদী কারাগার ভেঙে ৮২৬ বন্দি পালিয়ে গিয়েছিল। এর মধ্যে ১৬৬ বন্দির তথ্য বর্তমানে কারা কর্তৃপক্ষের কাছে নেই।
তিন জঙ্গি এখনো পলাতক
কারা মহাপরিদর্শক জানান, কারাগার থেকে মোট নয়জন জঙ্গি বন্দি পালিয়ে গিয়েছিল। তাঁদের মধ্যে ছয়জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজন এখনো পলাতক।
তিনি আরও জানান, বর্তমানে দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি রয়েছে। অতিরিক্ত বন্দির চাপের কারণে আবাসন সংকট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে জঙ্গি বন্দিদেরও পৃথকভাবে রাখা কঠিন হয়ে পড়েছে।
১ হাজার ৮৯৯ নতুন পদ অনুমোদন
কারা বিভাগের জনবল সংকট নিরসনে ইতোমধ্যে ১ হাজার ৮৯৯টি নতুন পদ অনুমোদন করা হয়েছে বলে জানান আইজি প্রিজন। আরও ১ হাজার ৫০০টি পদের চাহিদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, প্রতিযোগিতামূলক, মেধাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কারাগারের ব্যবস্থাপনা সক্ষমতা বাড়াতে নতুন কারাগার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে দুটি কেন্দ্রীয় কারাগার ও আটটি জেলা কারাগার চালু করা হয়েছে।
এ ছাড়া গত ২৪ জুন থেকে ময়মনসিংহ জেলা কারাগারে ‘ক্যাশলেস’ কার্যক্রম চালু হয়েছে। এর মাধ্যমে কারা ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক।






