সমৃদ্ধ বাংলাদেশের জন্য শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে রাজস্ব আহরণে কাজ করার তাগিদ; বিনিয়োগ ও ব্যবসাবান্ধব রাজস্ব ব্যবস্থাপনার প্রত্যাশা

টুইট ডেস্ক: সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সকলের প্রয়োজন দেশপ্রেম এবং আন্তরিকতা। আসুন সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে আমরা সবাই মিলে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলি।

তিনি বলেন, আরও সমৃদ্ধ, বিনিয়োগবান্ধব ও ব্যবসাবান্ধব রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলাই সরকারের প্রত্যাশা। এ লক্ষ্য বাস্তবায়নে আয়োজিত রাজস্ব সম্মেলনের সফলতা কামনা করেন তিনি।

রাজস্ব আহরণে কর্মকর্তাদের প্রশংসা

রাজস্ব আহরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, গত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত সময়ে রাজস্ব আহরণের পরিমাণ ইতিবাচক ছিল। এতে কর্মকর্তাদের সক্ষমতার প্রমাণ পাওয়া গেছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, এটি প্রমাণ করে আপনারা পারেন, আপনারাই পারেন এবং আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ।

রাজস্ব আহরণ আরও কার্যকর করা, কর ব্যবস্থাপনাকে সহজ ও ব্যবসাবান্ধব করা এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবেশ তৈরির বিভিন্ন বিষয় সম্মেলনে আলোচনায় আসে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড যৌথভাবে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এর আয়োজন করেছে।