রাজশাহীর দক্ষ জনশক্তি যাবে জাপানে, বিনিয়োগ নিয়েও আলোচনা

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানি ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক; আম প্রক্রিয়াজাতকরণ, হিমাগার, স্বাস্থ্যসেবা ও জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দক্ষ জনশক্তিকে জাপানের বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং রাজশাহীতে সম্ভাব্য জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে আম প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার, স্বাস্থ্যসেবা, জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা করেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। নগর ভবনে প্রশাসকের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে জাপানি প্রতিনিধিদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক। পরে রাজশাহীর সম্ভাবনা ও জাপানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
জনশক্তি রপ্তানি ও বিনিয়োগে গুরুত্ব
মতবিনিময়ে রাজশাহীর দক্ষ জনশক্তিকে জাপানের বিভিন্ন খাতে কাজে লাগানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি রাজশাহীতে আম প্রক্রিয়াজাতকরণ শিল্প, কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা ও বিনিয়োগের বিষয়টিও আলোচনায় আসে।
রাজশাহী নগরীর সঙ্গে জাপানের কোনো একটি শহরের ‘সহোদর নগর’ সম্পর্ক স্থাপনের সম্ভাবনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। এ ধরনের সম্পর্ক প্রতিষ্ঠিত হলে দুই শহরের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আইন মেনে কাজ করার আশাবাদ
বৈঠকে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে জাপানের সঙ্গে কাজ করতে চায় রাজশাহী সিটি করপোরেশন।
জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদলে ছিলেন জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো, সাধারণভাবে নিবন্ধিত সমিতি হামিংবার্ডের প্রতিনিধি পরিচালক ইউতা শিগেমোরি, ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের নির্বাহী পরিচালক ও হ্যান্ডসন ল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেইজি ইশিমোতো এবং ওকায়ামা বিজনেস কলেজের আন্তর্জাতিক বিভাগের মো. জিয়াউল করিম।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপণন বিভাগের অধ্যাপক আবু সাঈদ উপস্থিত ছিলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।






