রাসিকে প্রথমবার ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে ১৮ শিক্ষার্থীর ইন্টার্নশিপ শুরু; নগর উন্নয়ন ও প্রকৌশল কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ
স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) প্রথমবারের মতো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে। রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে রুয়েটের ১৮ শিক্ষার্থী এ সুযোগ পেয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা থাকা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই রুয়েট শিক্ষার্থীদের সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা সিটি করপোরেশনের কর্মপরিবেশ, প্রকৌশল কার্যক্রম ও নগর উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ভবিষ্যতে মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে তাদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
রাসিক প্রশাসক বলেন, সিটি করপোরেশন শুধু নগরবাসীকে সেবা দেওয়ার প্রতিষ্ঠান নয়; তরুণ প্রজন্মের জ্ঞান, দক্ষতা ও কর্মদক্ষতা বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রুয়েট ও রাজশাহী সিটি করপোরেশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো হবে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে।
রাজশাহীকে আরও আধুনিক, সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে মাহফুজুর রহমান রিটন বলেন, সবার সহযোগিতায় রাজশাহীকে আরও সবুজ, ফুলের নগরী, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্ব দরবারে রাজশাহীর পরিচিতি আরও বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, রুয়েট ও রাজশাহী সিটি করপোরেশনের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগেই রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থী আরাফ মাসুদ বলেন, সিটি করপোরেশনে কাজের মাধ্যমে বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে জানার সুযোগ হবে। এখান থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস বলেন, তাদের সিনিয়ররা এর আগে রাজশাহী সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পাননি। প্রথমবারের মতো এ সুযোগ পাওয়ায় তারা আনন্দিত এবং রাসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞ।
ইন্টার্নশিপে অংশ নেওয়া ১৮ শিক্ষার্থী সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগসহ বিভিন্ন শাখার কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। বিশেষ করে নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও নালা-নর্দমা ব্যবস্থা, নগর পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি কাজ শেখার সুযোগ পাবেন তারা।
এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব নগর উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পেশাগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতিও আরও শক্তিশালী হবে।






