বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা জব্দ

কাঁকড়া ব্রিজ এলাকায় বিশেষ টহল দলের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ।

টুইট ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার দিবাগত রাত ৯টা ১০ মিনিটের দিকে সীমান্তবর্তী কাঁকড়া ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দ করা ইয়াবার বিষয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বে সীমাবদ্ধ নয়; মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সীমান্তকেন্দ্রিক সব ধরনের অপরাধ দমনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।