সরকারের ১৮০ দিন পূর্তিতে আজ মতবিনিময় সভা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছয় মাসের কার্যক্রম, অর্জন ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে হবে আলোচনা

টুইট ডেস্ক: বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে আজ সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় সরকারের গত ছয় মাসের সার্বিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। একই সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম এবং অগ্রাধিকারমূলক উদ্যোগের তথ্য তুলে ধরা হবে।

সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা সভায় উপস্থিত থাকবেন।

সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তিতে আয়োজিত এ মতবিনিময় সভায় সরকারের এ সময়ের কার্যক্রমের মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও উন্নয়ন কর্মকাণ্ডের দিকনির্দেশনা তুলে ধরা হবে।