ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রেলপথে বিদ্যুৎচালিত ট্রেন চালুর উদ্যোগ

৫০ কিলোমিটার রেলপথে সক্ষমতা বাড়বে চার গুণের বেশি, দৈনিক ট্রিপ হবে ২৩৫টি।

টুইট ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রেল করিডরে বিদ্যুতায়নের উদ্যোগ এগিয়ে যাচ্ছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে বাংলাদেশের প্রথম রেলপথ বিদ্যুতায়ন প্রকল্প।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পটির অংশ হিসেবে দেশের ব্যস্ততম প্রায় ৫০ কিলোমিটার কমিউটার রেলপথ আধুনিকায়ন ও বিদ্যুতায়ন করা হবে। এর ফলে এই করিডরে দৈনিক যাত্রী পরিবহন সক্ষমতা বর্তমান ২ লাখ ৩২ হাজার থেকে বেড়ে ৮ লাখ ৪৫ হাজারের বেশি যাত্রায় উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ট্রেনের দৈনিক চলাচল ৬৫টি থেকে বেড়ে ২৩৫টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ব্যস্ত সময়ে ট্রেন চলাচলের ব্যবধান ১৫ মিনিটে নামিয়ে আনার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের মতে, বিদ্যুৎচালিত ট্রেন চালু হলে ডিজেলনির্ভরতা কমার পাশাপাশি শব্দ ও বায়ুদূষণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বিশেষ করে বৃহত্তর ঢাকা মহানগর এলাকায় পরিবেশবান্ধব ও টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের বৈশ্বিক প্রবেশদ্বার উদ্যোগের আওতায় ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি রেলপথ বিদ্যুতায়ন নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, পরামর্শক প্রতিষ্ঠান এনটিটি ডেটা ও আইবিএফের প্রতিনিধিসহ সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট অংশীজনেরা মতামত দেন।

ইউরোপীয় ইউনিয়ন বলছে, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের নগর গণপরিবহনে গতি, সক্ষমতা ও পরিবেশগত স্থায়িত্ব—তিন ক্ষেত্রেই বড় পরিবর্তন আনার সুযোগ তৈরি হবে।