বান্দরবানে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

মৎস্য উৎপাদন বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি ও জেলার অর্থনীতি সমৃদ্ধ করার আহ্বান

বান্দরবান প্রতিনিধি: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল মৎস্য পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।

আলোচনা সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে মাছ চাষ সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান-৩০০ নম্বর আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ বৈরাগী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নাঈম মোহাম্মদ সাইফুদ্দিন এবং বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা মৎস্য অধিদপ্তরের আহ্বায়ক খামলাই ম্রো।

প্রধান অতিথির বক্তব্যে রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, পার্বত্য বান্দরবানের জলাশয় ও পাহাড়ি ছড়াগুলোতে মৎস্য উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পরিকল্পিতভাবে মাছ চাষ ও মৎস্যসম্পদ সংরক্ষণ করা গেলে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির পাশাপাশি জেলার অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

তিনি বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী জলমহাল, উপকূলীয় খাল ও হাওরের ইজারা প্রথা বিলুপ্ত করে ‘জাল যার, জলা তার’ নীতিতে স্থানীয় মৎস্যজীবী ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চিংড়ির বৈশ্বিক ব্র্যান্ড প্রতিষ্ঠা ও রপ্তানি বাড়াতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে।

অন্যান্য বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বাড়লে মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বেকারত্ব দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিবছর জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছ চাষে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।

আলোচনা সভা শেষে জেলার পাঁচজন আদর্শ মৎস্যচাষির হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি।