রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

অলি আহমদের পর বিএনপি জোটের প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নও বৈধ ঘোষণা করেছে ইসি
টুইট ডেস্ক: বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়।
এদিকে, একই দিনে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি পদে এবার মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে বিএনপি একটি এবং ১১ দলীয় ঐক্য দুটি মনোনয়নপত্র জমা দেয়। অলি আহমদের একটি মনোনয়ন বৈধ হওয়ায় একই জোটের অপর মনোনয়নটি বাতিল হয়েছে।
তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।






